পঁচিশ বছর পরে বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৫:৩১

এশিয়ান কাপ ফুটবল ২০২৭, বাছাইয়ে বাংলাদেশ এবং ভিয়েতনামের সুযোগ শেষ। দুই দেশই বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার অপেক্ষায়। আগামী ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে আর ভিয়েতনাম খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। তার আগে ভালো প্রস্তুতির জন্য এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে আজ। ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলেছিল। দুই ম্যাচের মধ্যে একটি ড্র অন্যটিতে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। পঁচিশ বছর পর ফুটবল মাঠে ভিয়েতনাম-বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আজ। ফিফার র‍্যাংকিংয়ে দুই দেশের পার্থক্য অনেক। বাংলাদেশ ১৮১ নম্বরে। ভিয়েতনাম রয়েছে ১০৫ নম্বরে, বাংলাদেশ ৭৮ ধাপ পিছিয়ে।

May be an image of football, American football and text that says "SANGLADESH SAGLIER 15 08 VFF."

এই ম্যাচটি দুই দেশই বাড়তি গুরুত্ব দিচ্ছে। ভিয়েতনামের দক্ষিণ কোরিয়ান কোচ কিম সান সিক জয়ের কথা বলেছেন। তিনি মনে করেন, জিতলে তার খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করবে, মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে। একই ভাবনা বাংলাদেশ দলের স্প্যনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার। তিনিও চাইছেন র‍্যাংকিংয়ে ভিয়েতনাম যতই উপরে থাকুক না কেন-এই ম্যাচের পারফরম্যান্স; সিংগাপুরের বিপক্ষে ম্যাচে টনিক হিসেবে কাজ করবে।

ভিয়েতনাম তাদের ফুটবল শক্তি বৃদ্ধি করার জন্য পৃথিবীর ভিন্ন প্রান্তে থাকা ভিয়েতনাম বংশোদ্ভূত ফুটবলারদের ডেকে এনে জায়গা করে দিচ্ছে। ভিয়েতনাম জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দিচ্ছে। আজকে বাংলাদেশের বিপক্ষে অন্তত হাফ ডজন ফুটবলার থাকবেন ভিয়েতনামের তালিকায়। ব্রাজিলিয়ান হোয়ায় হোন ভিয়েতনামে খেলছেন ৫ বছর ধরে, তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তিনিও আজ বাংলাদেশের বিপক্ষে থাকবেন।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইংলিশ ফুটবল লিগের লেস্টার সিটির হামজা চৌধুরী। ২০২০-২১ মৌসুমে এফএ কাপ জিতেছিল হামজার লেস্টার সিটি। বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরী ৭ ম্যাচ খেলে ৪ গোল করেছেন একটি গোল করিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের ম্যাচের প্রাণভোমরা। কানাডিয়ান লিগের সামিত সোম আছেন দলে। হামজা চৌধুরী আজ খেলবেন কি না, নিশ্চিত করা হয়নি। তবে এটাও ঠিক যে, হামজাকে খেলানোর বিষয়ে আগে-ভাগে কিছু প্রকাশ করতেও চাননি কোচ। হতে পারে এটি তার গেম প্ল্যানেরই অংশ। 

কোচ কাবরেরা সিঙ্গাপুরের ম্যাচটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভিয়েতনামের বিপক্ষে কোনো রকমে উতরে যেতে চান। বাফুফে কোচ কাবরেরাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে দুই ম্যাচ জিততে হবে। কোচ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চেয়েছেন। জিতলে ৮ পয়েন্ট নিয়ে ফিরবেন। আর যদি সিঙ্গাপুর এবং ভিয়েতনাম-দুই ম্যাচে ভালো কিছু করতে পারেন তাহলে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নতি হবে। এটাই প্রাপ্তি।

ইত্তেফাক/জেডএইচ