শিরোপা ফিরে পেতে ‘সর্বাত্মক যুদ্ধের’ ঘোষণা সেনেগালের   

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২১:৩২

২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি ‘ক্রুসেড’ বা সর্বাত্মক যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে সেনেগালিজ ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

কাফের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার খেলাধুলার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে এফএসএফ। সেনেগালের পক্ষে লড়ছেন খ্যাতনামা আইনজীবী হুয়ান দে দিওস ক্রেসপো পেরেজ। এক সংবাদ সম্মেলনে সিএএফের রায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এ সিদ্ধান্তকে কোনোভাবেই সত্যিকারের খেলোয়াড়িসুলভ বিচার বলা যায় না। এটি অত্যন্ত স্থূল, অদ্ভুত ও অযৌক্তিক। এটি ফুটবলের আইন এবং ‘রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত’— এই সর্বজনীন নীতিকে সরাসরি লঙ্ঘন করে।’

এই আইনজীবী আরও বলেন, ‘যদি সিএএস সেনেগালের বিপক্ষে রায় দেয়, তবে ভবিষ্যতে বিশ্বকাপের বিজয়ীদের নাম মাঠের বদলে আইনজীবীদের ল ফার্মে নির্ধারিত হবে।’

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের সেই ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। তবে সেই ফাইনালের শেষ দিকে রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের বেশির ভাগ খেলোয়াড়। বিতর্কিত এই ওয়াক-অফের জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়।

এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফাল বলেন, ‘এই প্রশাসনিক ডাকাতির মুখে আমরা দমে যাব না। আমরা এর বিরুদ্ধে নৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাবো।’

প্যারিসে অবস্থানরত সেনেগালের ছয় সদস্যের আইনি দলের অন্যতম সদস্য সার্জ ভিতোজ। তিনি জানান, তারা সিএএসকে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছেন। সাধারণত এ ধরনের বিচার সম্পন্ন হতে ৯ থেকে ১২ মাস সময় লাগে। 

ভিতোজের দাবি, সিএএফের আপিল বোর্ড কেন সেনেগালের শিরোপা কেড়ে নিলো, তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তিনি বলেন, ‘ব্যাখ্যাহীন কোনো সিদ্ধান্ত বৈধ হতে পারে না। তাই সেনেগাল এখনো বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন।’

ইত্তেফাক/জেডএইচ