চুরির অপবাদে দুই শিশুকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:২৯

লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক মুদিদোকানির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

নির্যাতিত শিশুরা হলো সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস শহিদের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে ও হেফজ বিভাগের শিক্ষার্থী জিহান হোসেন (১২)।

পুলিশ, নির্যাতিত শিশু ও তাদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মনির হোসেন দোকান থেকে ৮০০ টাকা চুরি হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় সন্দেহ করে মুজাহিদ ও জিহানকে ধরে মারধর করে মনির হোসেনসহ কয়েকজন। পরে ‘চোর ধরা হয়েছে’ বলে প্রচার করে  শিশুদের হাত বেঁধে আরও নির্যাতন করা হয়। একপর্যায়ে জিহানের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

পরে অভিযুক্ত মনির হোসেন দুই শিশুর পরিবারের সদস্যদের খবর দেন। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়া হয়। 

ইত্তেফাক/এমএসআর