গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৪:৩৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চাচা পান্না বিশ্বাসের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাচা পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা রাসেল বিশ্বাসকে শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পান্না বিশ্বাসের লোকজন এখানে এসেও রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা পান্না বিশ্বাসের লোকজন গতকাল রাতে রাসেলকে মারধর করেন। পরে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে সেখানে গিয়ে চায়নিজ কুড়াল দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস বলেন, সকালে রাসেল নামের এক রোগী চিকিৎসা নিতে আসেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএসআর