‘শত্রু’ হিসেবে বিবেচিত দেশগুলোতে ক্রীড়া ইভেন্টে দল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রায় এক মাস পর এই ঘোষণা এলো।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব দেশ শত্রুভাবাপন্ন এবং ইরানি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় দল বা ক্লাব দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হলো।’
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ‘সৌদি আরবের মাঠে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবের বিপক্ষে ইরানের ক্লাব ট্রাক্টর এফসির ম্যাচ’ সামনে রেখে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্লাবগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) বিষয়টি অবহিত করতে বাধ্য থাকবে, যাতে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া যায়।’
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে এই নাটকীয় সিদ্ধান্ত নিলো ইরান। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ইরানের ম্যাচগুলো সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা। ‘জি’ গ্রুপ থেকে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

