আগামী ৩১ মার্চ কেরেলার কোচিতে অবস্থিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত। হংকংয়ের বিপক্ষে এই ম্যাচের আগে স্বাগতিক কোচ খালিদ জামিল এবং কয়েকজন ফুটবলারকে স্টেডিয়ামে প্রবেশের সময় বাধা দেওয়া হয়েছে।
স্টেডিয়াম কর্তৃপক্ষকে নিরাপত্তা ডিপোজিটের বকেয়া পরিশোধ করেনি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন। এতেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচ এবং খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রবেশ করতে না পারায় ভারতীয় দলের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে রয়টার্স বলছে, কেরালা সকার অ্যাসোসিয়েশন জওহরলাল নেহেরু স্টেডিয়ামের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ডিপোজিটের অর্থ রাজ্য কর্তৃপক্ষকে পরিশোধ করেনি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) মুখপাত্র।
এই ঘটনার পর ভারত-হংকং ম্যাচ কেরালা স্টেডিয়ামে হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সূচি ও পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি মাঠে গড়াবে বলে এক বিবৃতিতে জানিয়েছে এআইএফএফ। এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, আমাদের পূর্ণ বিশ্বাস– কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সঙ্গে সকল সৌজন্যতা সম্পন্ন করবে। একইসঙ্গে নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে ভারত-হংকং ম্যাচ।
এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবর– জওহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসন্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলন করার কথা ছিল। সেলক্ষ্যে কোচ জামিল, ফুটবলার আশিক কুরুনিয়ান, সাহাল আবদুল সামাদ ও বিজয় বর্গিস সময়মতো পৌঁছেও যান ভেন্যুতে। কিন্তু গেট খোলেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। গ্রেটার কোচি ডেভেলপমেন্ট অথরিটির (জিসিডিএ) নিরাপত্তারক্ষীরা তাদের ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত ওই স্থান ত্যাগ করতে হয় ভারতীয় কোচ-খেলোয়াড়দের।

