রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, এখন পর্যন্ত আমরা ২৬ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে যার যার পরিবারের কাছে হস্তান্তর করেছি। উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও আমরা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্যরা ঘাট এলাকায় অবস্থান করছি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির রাজবাড়ী কার্যালয়ের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি বলেন, উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দেওয়ান সোহেল রানা জানান, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ আছে বলে একটি তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। বালিয়াকান্দির মুক্তা নামে এক নারী তার ভাই রিপনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন। রিপন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ওই বাসে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন। তাকে খোঁজ করে পেলে সে আমাদের জানাবে, না পেলেও আমাদের জানাবে। এই একটা মিসিংয়ের সংবাদ আমরা পেয়েছি।
তিনি আরও বলেন, সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ঘাটের আশপাশের এলাকায় স্পিডবোট দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মরদেহ ভেসে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাইকিং করে নিখোঁজ সংক্রান্ত তথ্য জানাতে স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে।

