জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৮:০১

মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে শুরু হওয়া এই পরিদর্শনে তিনি প্রায় দুই ঘণ্টা চিড়িয়াখানার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী প্রথমে প্রাণী পুষ্টি শাখা পরিদর্শন করে খাদ্যের মান ও পরিমাণ যাচাই করেন। এরপর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চিড়িয়াখানার পরিবেশ ও ব্যবস্থাপনা সরেজমিনে দেখা এবং কোনো ধরনের ত্রুটি থাকলে তা চিহ্নিত করা। এ সময় তিনি দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা জানেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানী ও আশপাশের জেলা থেকে আসা হাজারো দর্শনার্থীর ভিড়ে চিড়িয়াখানার প্রতিটি এলাকা মুখর ছিল। পরিবার-পরিজন ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বেদখল হওয়া চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ দেন। একই সঙ্গে পাবলিক টয়লেট বৃদ্ধি, দর্শনার্থীদের বসার স্থান সম্প্রসারণ, রাস্তাঘাট মেরামত, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পশুপাখির সংখ্যা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বাজেটের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করতে হবে।

আকস্মিক পরিদর্শন সম্পর্কে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের অব্যবস্থাপনা রয়েছে কি না তা দেখতেই তিনি হঠাৎ করে এসেছেন। তিনি বলেন, 'কাউকে না জানিয়ে আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি, যাতে প্রকৃত অবস্থা বোঝা যায়। পরিচ্ছন্নতা, বসার ব্যবস্থা ও দর্শনার্থীদের সুবিধা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কিছু প্রাণী আনার পরিকল্পনাও রয়েছে।' 

তিনি আরও বলেন, প্রাণীদের খাদ্য সরবরাহ সন্তোষজনক হলেও দর্শনার্থীরা আরও উন্নত পরিবেশ প্রত্যাশা করেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে চাই। এটি একটি সম্ভাবনাময় প্রকল্প। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে এটি লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান বলেন, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে এসে নিজেই বিভিন্ন বিষয় তদারকি করেছেন। প্রাণীদের খাদ্য, ওজন ও পরিচর্যার বিষয় সরেজমিনে যাচাই করেন তিনি। পরিদর্শনকালে কিছু স্থানে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশনা দেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার ও বসার স্থান বাড়ানোর তাগিদ দেন। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি