চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৯:০৩

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে সাতটি ইভেন্টের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে শিশুদের ডিভাইস আসক্তি কমিয়ে মাঠমুখী করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা যায়।

একই অধিবেশনে ক্রীড়াঙ্গনের দলীয়করণ নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ে ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন খেলাধুলায় দলীয় প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে ক্রীড়াকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত করতে কাজ চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে বিগত সময়ের নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। ২০০৮ সালের পর থেকে যেসব নিয়োগে অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিসিবির কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বোর্ডের অর্থ ও জনবল অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে অবকাঠামো উন্নয়নের চেয়ে খেলোয়াড় তৈরির দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসএ