মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অনন্ত দেব নামে এক খাসিয়ার প্রায় এক হাজার পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত অনন্ত দেব জানান, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার প্রায় এক হাজার পান গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, অধিকাংশ গাছ মাঝখান থেকে কাটা।
তিনি বলেন, পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের পথ ছিল। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এ পানগাছগুলো কেটেছে, তা আমি জানি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, রাতে দুর্বৃত্তরা অনন্ত দেবের পান গাছ কেটে দিয়েছে, এতে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

