উখিয়া সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম।
আহত কিশোর আবদুল হাকিম (১৪), তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জানা গেছে, সীমান্তের কাছে মাছ ধরতে গিয়ে ফেরার পথে ল্যান্ডমাইন বিস্ফোরণের শিকার হন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়ন-এর বালুখালী সীমান্তের ওপারে কয়েকজন রোহিঙ্গা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন আবদুল হাকিম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ২৫ মার্চ একই সীমান্ত এলাকায় আরেকটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের মধ্যে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
