সোনারগাঁওয়ে চুনা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন-এর ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রার কারণেই ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে অবৈধভাবে চুনা বহনকারী একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে দেন। আগুনে ট্রাকের কিছু চুনা পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
পরে স্থানীয় লোকজন ও ট্রাকে থাকা ব্যক্তিরা মিলে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, ট্রাকটি সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকার মেঘনা সংলগ্ন একটি অবৈধ চুনা কারখানা থেকে চুনা নিয়ে সিদ্ধিরগঞ্জ-এর দিকে যাচ্ছিল।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা-র ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, আগুনের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক ছিল এবং কোনো যানজট সৃষ্টি হয়নি।
