লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৪:১৩

লেবাননে দায়িত্ব পালনকালে জাতিসংঘের একজন ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২৯ মার্চ) ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। 

লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন (ইউএনআইএফআইএল) জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের আদচিট আল-কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণে তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।  

সংস্থাটি আরও জানায়, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ে ঘটনাগুলোর মধ্য অন্যতম। 

এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। 

উল্লেখ্য, গত ২ মার্চ সীমান্তবর্তী হামলার জেরে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ওই অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/এমএ/টিএইচ