দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলা-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সরকারি ঢেউটিন পাওয়ার আশায় প্রায় ৭০০ পরিবার আবেদন করেছে। এত বড় সংখ্যক আবেদন আগে কখনও দেখা যায়নি, যা স্থানীয় প্রশাসনের জন্য বিস্ময়ের সৃষ্টি করেছে।
এই বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাই ও সত্যতা নিরূপণ নিয়ে প্রশাসন পড়েছে বিপাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও সামান্য ঝড় হয়। এতে কিছু লোকের ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বের বছরগুলিতে দুস্থ ব্যক্তিদের জন্য সরকারি টিন বরাদ্দ দেওয়া হলেও এবারে সরকারি টিন পাওয়ার আশায় আবেদন পড়েছে গণহারে।
অনেক আবেদনকারী নিজস্ব ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি না দিয়ে কম্পিউটার দোকান থেকে একই ছবি বহুবার প্রিন্ট করে আবেদনের সঙ্গে জমা দিয়েছেন। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত বাড়ি নির্ণয় করা জটিল হয়ে পড়েছে। ঈদের পর তিন কার্যদিবসে একরকম হুজুগে প্রায় ৭০০ আবেদন জমা পড়েছে।
বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুল সংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। একই রকমের ছবি দিয়ে প্রায় ৭০০ আবেদন জমা পড়ায় প্রকৃত ক্ষতিগ্রস্থ যাচাই-বাছাই করা কঠিন হয়ে পড়েছে। আবার উপজেলা জুড়ে আবেদনকারীদের বাড়ি বাড়ি ঘুরে সত্যতা নিরূপনের কাজও অনেক সময় সাপেক্ষ। তবে প্রকৃত ক্ষতিগ্রস্থ ছাড়া কেউ সহায়তা পাবেনা বলে তিনি নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বলেন, একই রকম ছবি দিয়ে অনেকে আবেদন করেছেন। তবে সরজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নির্ণয় করা হবে।
