রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার। তিনি পদত্যাগ করতেও রাজি বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেইলে রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাকে যদি পদত্যাগ করা লাগে, তবে আমি তা করতে রাজি। ছয় দাবির অধিকাংশই এরইমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। গভর্নিং বডির সদস্যসচিব স্কুলের অধ্যক্ষ মামলার আসামি থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। তার পদে অন্য একজনকে দায়িত্ব দিয়ে কমিটির মিটিং আহ্বান করব। সেখানে বাকি সিদ্ধান্ত নেয়া হবে।’
আরো পড়ুনঃ কারাগারে ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনা
গভর্নিং বডির পদত্যাগের বিষয়ে এক প্রশ্নে গোলাম আশরাফ বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমরা গভর্নিং বডির সভায় তুলব। এটা সদস্যদের ব্যক্তিগত ব্যাপার, তারা পদত্যাগ করবেন কিনা।’
ইত্তেফাক/কেকে
