নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার রিয়া গোপ স্টেডিয়ামের পাশে রয়েল গার্মেন্টসের সামনের রাস্তা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা ফারুক মাদবর সড়কে পিস্তলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, উদ্ধার করা বিদেশি পিস্তলটি একেবারেই নতুন এবং সচল অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এটি কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কিনা, তাও যাচাই করা হচ্ছে।

ইত্তেফাক/এসজেএস