কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারীরা। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রামখানা বিওপি এবং সকাল ১১টায় অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজনকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড় উদ্ধার করা হয়। এসব বস্তা খুলে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
