দোকানের বাকির টাকা নিয়ে তর্ক থেকে দুই পক্ষের সংঘর্ষে হবিগঞ্জের লাখাই উপজেলায় নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে পণ্য কিনেছিলেন। পরে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দোকানদার দাবি করেন, ১৮৫ টাকা বকেয়া রয়েছে; তবে রসম আলীর দাবি, তার কাছে মাত্র ৩০ টাকা পাওনা।
এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

