মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২২:০৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হান্নান মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। তাছাড়া আহতদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে অটোরিকশায় থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং চারজন আহত হয়েছেন।  নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি