উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৫:২১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না। একবার একটি সড়কের কাজ শেষ হওয়ার পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খুঁড়ে নতুন কাজ করার যে প্রবণতা ছিল, তা বন্ধ করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ডিএনসিসির আইডিআরএসপি প্রকল্পের আওতায় মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু অর্থ লুটপাট কিংবা জনগণের অর্থ অপচয় করার সুযোগ আর দেয়া হবে না। সেইসঙ্গে ফুটপাত ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালুর আহ্বান জানান তিনি।
 
এ সময় দীর্ঘ ১৮ বছরের সংগ্রামের কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করাই এখন সবার দায়িত্ব। এই অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে নগরবাসীর প্রত্যাশা পূরণ হবে।

ইত্তেফাক/এনএ