চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান নামের এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো ফুয়েল কার্ড বিতরণ করছে প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার চারটি উপজেলা পরিষদে এই কার্ড বিতরণ করা হয়। ভোর থেকেই নিজ নিজ উপজেলা পরিষদে গিয়ে লাইনে দাঁড়ান অনেকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।
ফুয়েল কার্ডের জন্য মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান বখতিয়ার। বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, প্রচণ্ড ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।
স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড বিতরণে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভিড়ের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলার মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখতিয়ারের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
