নারায়ণগঞ্জ থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল কেরানীগঞ্জে জব্দ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৯:০৬

নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে অবৈধভাবে আনা ৩৭৩ লিটার জ্বালানি তেল ঢাকার কেরানীগঞ্জে জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে খোলা বাজারে বিক্রির সময় আরও ৪৪ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন নড়ন্ডী মোড় ও বামনশুর খেলার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়ন্ডী মোড় এলাকায় অভিযান চালিয়ে বোতলে ভরে খুচরা অকটেন বিক্রির সময় ৪৪ লিটার তেল জব্দ করা হয়। এ ঘটনায় বিক্রেতা মো. জাকিরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বামনশুর খেলার মাঠ এলাকায় ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি বন্ধ দোকানে অভিযান চালিয়ে দোকানে অবৈধভাবে রাখা ২৪৩ লিটার অকটেন ও ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। দোকান মালিক জাবের হোসেন ওরফে শিপলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, জাবের হোসেন দীর্ঘদিন নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে অবৈধভাবে ব্যারেলভর্তি অকটেন ও ডিজেল এনে মজুদ করতেন এবং অতিরিক্ত দামে বিক্রি করতেন। এ কাজে ফতুল্লার শাহীন ওরফে ‘ওয়েল শাহীন’ তাকে তেল সরবরাহ করতেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

জব্দকৃত ৪১৭ লিটার জ্বালানি তেল কেরানীগঞ্জের নুর ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রশাসক জানিয়েছেন, অবৈধ জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসজেএস