ফরিদপুরের নগরকান্দা উপজেলায় টাকা ধার না দেওয়ায় খালাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে গুম করার অভিযোগে ভাগিনা মো. আলমগীর হোসেন (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে নগরকান্দা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জামেলা বেগম (৬৫) নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্বামীর মৃত্যুর পর একাই বসবাস করতেন। তার দুই মেয়ে রয়েছে, যাদের বিয়ে হয়ে গেছে।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ রাত থেকে ২৮ মার্চ ভোরের মধ্যে কোনো একসময় জামেলা বেগমকে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
এ ঘটনায় নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সূত্রের ভিত্তিতে মূল আসামি হিসেবে আলমগীরের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে তিনি আর্থিক সংকটে পড়েন এবং দেনার দায়ে জর্জরিত ছিলেন। এ অবস্থায় তিনি তার খালা জামেলা বেগমের কাছে টাকা ধার চান।
কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে খালার বাড়িতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ গোপন করতে সেপটিক ট্যাংকে ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
