রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও যানজট কমাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো ছোট ছোট অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং তাদের মালামাল জব্দ করা হয়। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ফুটপাত দখল করে দোকানের পণ্য রাখায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
ফুটপাতে সিমেন্টের বর্গাকার প্রতিবন্ধকতা রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করায় সংশ্লিষ্টদের শেষবারের মতো সতর্ক করে দেয় পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ বলেন, গত ২৩ মার্চ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। অনেকে সে অনুযায়ী ফুটপাত ছাড়লেও যারা এখনও দখল করে আছেন, তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী রোমানা নাসরিন জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চলমান থাকবে। পুনরায় কেউ দখল করলে আবারও উচ্ছেদ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

