সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বন্দি থাকা ১৩ নারী-পুরুষ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮:০০

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে এই তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে কয়েকজন নারী-পুরুষকে আটকের রাখার খবরে মঙ্গলবার দিবাগত রাতে অভিযানে নামে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে ১৩ জনকে উদ্ধার করে র‌্যাব। উদ্ধার হওয়াদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

ঘটনায় জড়িত পলাতকদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। তারা হলেন- মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক জানান, উদ্ধার হওয়াদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এপি