নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা হেফাজত থেকে ঈসমাইল নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানার এক এসআইকে ক্লোজড করা হয়েছে। এই ঘটনায় হত্যাচেষ্টার মামলার ওই আসাামিকে আবারও গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইসমাঈল উপজেলার চরকমলাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ইসমাঈল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। এর আগে গত সোমবার গ্রেপ্তারের পর থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যায় সে। পরে তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ একাধিক দল মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি–সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, থানায় আসার পর নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে ইসমাঈল সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় এসআই জহিরুলকে ক্লোজড করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।
