পাম্পে না মিললেও লক্ষ্মীপুরে খালে মিলল ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:০২

লক্ষ্মীপুর শহরসহ কমলনগর, রামগঞ্জ, রামগতি ও রায়পুর উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে তেল না থাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এরই মাঝে লক্ষ্মীপুরের রামগতিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ড্রাম ডিজেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার আলেকজান্ডার মাছঘাট সংলগ্ন এলাকা থেকে ৮ ড্রামে প্রায় ১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, কোনো এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোলা জেলা থেকে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ড্রাম ভর্তি করে খালের ভেতর মজুত করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খাল থেকে প্লাস্টিকের পুরোনো ৮টি ড্রাম উঠানো হয়। প্রত্যেকটি ড্রামে ১৭০ লিটার করে ডিজেল ছিল। ৮টি ড্রামে ১৩৬০ লিটার ডিজেলের বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তেলের ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গণমাধ্যমকে বলেন, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এনএ