কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে এ অভিযান শুরু হয়।
অভিযানকালে পালংখালী এলাকার একটি পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘ইউসুফ অ্যান্ড ব্রাদার্স’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পাম্পগুলোর মজুত, বিক্রয় কার্যক্রম ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
