নাসিরনগরে ড্রামে ভর্তি ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ড্রামে ভর্তি ৫ হাজার লিটারের বেশি ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সাল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারের ‘সেলিম এন্টারপ্রাইজ’-এ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে ৫ হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করা হয়।

তিনি জানান, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুত করা ২৮ ড্রাম ডিজেল ও ৪ ড্রাম মোবিল উদ্ধার করা হয়, যার পরিমাণ ৫ হাজার লিটারের বেশি। এ সময় মো. ফয়সাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা জ্বালানি তেল উন্মুক্তভাবে বিক্রি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইতেফাক/এএইচপি