কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৪:০৪

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় ৬ হাজার ২০০ লিটার তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। 

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে তেল সরবরাহের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটি থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল বোঝাই ট্রলারটি জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 
ইত্তেফাক/এমএসআর