সিলেট-ঢাকা রুটে চলবে স্পেশাল ট্রেন, যাত্রাবিরতি ৪ স্টেশনে

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২১:৪৪

সিলেট-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় রেলওয়ে রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান। তিনি জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার রাতে ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। আবার শুক্রবার ‘কালনী এক্সপ্রেসও’ বন্ধ।তাই  যাত্রীদের সুবিধার্থে শুক্রবার সকালে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বুধবার রাতে তেলবাহী একটি ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে ‘উপবন ট্রেন’ ঢাকায় যেতে পারেনি। তাই সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্পেশাল ট্রেনটি সিলেট-ঢাকা রুটের চারটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে। কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে। 

এর আগে বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হলে ওই রুটে বিপর্যয় সৃষ্টি হয়। সিলেটের সঙ্গে সারাদেশের প্রায় ২০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর বৃহস্পতিবার ৪টার দিকে আবারও ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।

রেলওয়ে বিভাগীয় ম্যানেজার এবিএম কামরুজ্জামান জানান, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পাঁচ ওয়াগনে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল। এর মধ্যে ২০ থেকে ৩০ ভাগ জ্বালানি তেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক/এপি