সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪

সিলেট অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিনের ঝড়বৃষ্টির পর দেশের বিভিন্ন এলাকায় মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে এর মধ্যেই সিলেটে আবারও দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতেফাক/এএইচপি