পাগলা কুকুরের আক্রমণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে একটি কুকুর একের পর এক মানুষকে কামড়ায়।
রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দ্রুত হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেক আহতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। কেউ বাইরে বসে সাবান দিয়ে ক্ষত ধুচ্ছেন, আবার কেউ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আহতদের স্বজনদের ভিড়ে হাসপাতালজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর মাত্র এক ঘণ্টায় প্রায় ৩০ জন কুকুরের কামড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাসপাতালে থাকা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিচ্ছেন। একসঙ্গে এত সংখ্যক কুকুরে কামড়ানো রোগী আগে কখনও আসেনি বলেও জানান তিনি।
ইউএনও রূপম দাস বলেন, ঘটনাটি জানার পরপরই তিনি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও ভ্যাকসিনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে এবং তিনি নিজেও এলাকায় যাওয়ার পথে রয়েছেন।
