পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর দোমেল পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। তাদের মধ্যে একজন পুলিশ রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। তাদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী, এক সন্তান এবং কন্যা।
ডন বলছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি পুলিশ স্টেশনের পেছনের অংশে ধাক্কা দিলে বিশাল বিস্ফোরণ ঘটে। এরপরেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে এর শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা যায়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে পুলিশ স্টেশনের সেনট্রি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এ ছাড়া বিস্ফোরণের কারণে আশেপাশের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে একাধিক বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষে অনেকে আটকা পড়েছেন।
দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জেলার জরুরি বিভাগের কর্মকর্তা বখতুল্লাহ ওয়াজির পাঁচজন নিহত এবং ১৩ জন আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
এদিকে স্থানীয় মসজিদগুলোতে রক্তদান ও সহায়তার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
ডন বলছে, নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং অভিযান চালাচ্ছে। সেইসঙ্গে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
