বুড়িগঙ্গায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিখোঁজ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৪

ঢাকার বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় মো. হোসেন (১৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে সোয়ারিঘাট থেকে গুদারা ঘাট যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে মাঝিসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারটি নৌকার ওপর উঠে গেলে নৌকাটি ডুবে যায়। আশপাশের নৌকার যাত্রীরা মাঝিসহ পাঁচজনকে উদ্ধার করতে পারলেও হোসেন পানিতে তলিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ হোসেন রাজধানীর চকবাজার এলাকায় একটি কসমেটিকসের দোকানে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে কেরানীগঞ্জে বসবাস করতেন।

হোসেনের মামা জসিম উদ্দিন জানান, প্রতিদিন এই ঘাট দিয়ে আমার ভাগিনা যাতায়াত করে। কাজ শেষে সোয়ারিঘাট থেকে গুদারা ঘাটে খেয়া পার হচ্ছিলো। লোকমুখে শুনতে পাই নৌকা ডুবে আমার ভাগিনা নিখোঁজ রয়েছে। পরে আমরা নদীর পারে ছুটে আসি। আমার ভাগিনা সাঁতার জানতো না।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন মৃধা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও বেসরকারি ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলেও রাতের অন্ধকারে উদ্ধার অভিযান সম্ভব হয়নি। পরে আমরা সার্চলাইট নিয়ে প্রায় দুই ঘণ্টা নদীতে খোঁজ চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারিনি। সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

 
ইত্তেফাক/এসজেএস