ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারি আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৯

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি স্টিল বডি বোটে অবৈধভাবে পরিবহনকালে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুইজনকে আটক করা হয়।

পরে জব্দ করা তেল ভোলা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমএসআর