স্পেনের মালাগা শহরের ‘লা বারাকা দে লা আবুয়েলা’ নামের একটি বারে এক ব্যক্তি ঢুকে হাতে দা ও বন্দুক নিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করতে চেয়েছিলেন। তবে ভয় তো দূরের কথা, কর্মচারীদের হাসি-ঠাট্টায় বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো তাকে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই বীরত্ব বা সাহসিকতার মূলে ছিল এক বিরাট ‘ভুল–বোঝাবুঝি’। কর্মীরা ভেবেছিলেন, তাদের কোনো নিয়মিত গ্রাহক হয়তো রসিকতা করার জন্য এমন ছদ্মবেশে এসেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, লোকটির হাতে বড় একটি রামদা। তিনি চিৎকার করে অর্থ দাবি করছিলেন; কিন্তু এক কর্মী দিব্যি রামদাটি হাত দিয়ে ধরে নেড়েচেড়ে দেখে মন্তব্য করেন, ‘আরে, এটা তো খেলনা।’ অন্য একজন হেসেই খুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ডাকাত আরও মরিয়া হয়ে ওঠে। সে বন্দুক বের করে কাউন্টারে আঘাত করতে থাকে এবং নিজেকে ‘গুরুত্ব দিয়ে’ দেখার আহ্বান জানায়।
এমনকি একপর্যায়ে এক কর্মচারীর গলায় দা ধরেও ভয় দেখানোর চেষ্টা করে। তখন অন্য একজন আবার রসিকতার সুরে জানতে চান, ‘পুলিশ ডাকব নাকি?’ অন্য একজন মন্তব্য করেন, দাটি সম্ভবত ‘চুরি করা’।
এই প্রশ্নে দুর্ধর্ষ সেই ডাকাত কিছুটা দমে যান। কোনো পাত্তা না পেয়ে গভীর বিভ্রান্তি আর চরম বিরক্তি নিয়ে শূন্য হাতে তিনি বার থেকে বেরিয়ে যান।
পরে জানা যায়, মালাগার লাস লাগুনাস এলাকায় আরও কয়েকটি বারে একইভাবে ডাকাতির চেষ্টা চালিয়েছিল সে।
বিষয়টি জানার পরই বারের কর্মীরা বুঝতে পারেন, তারা আসলে সত্যিকারের বিপদের মুখে ছিলেন।
এই বিষয়ে এক কর্মী বলেন, ‘ও যখন ঢুকেছিল, আমরা ভেবেছিলাম মজা করছে। তাই হাসাহাসি করেছি। বুঝতেই পারিনি সে সত্যি ডাকাতি করতে এসেছে।’
পরে অন্য একটি স্থানে মারামারির ঘটনায় জড়িয়ে পড়লে পুলিশ আটক করে ওই ব্যক্তিকে।
