নেইমারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৩

দরজায় কড়া নাড়ছে দ্য 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড প্রায় নির্ধারণ করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। আর এই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

পেশির টান থেকে সেরে উঠলেও ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোয়াডে নেইমারকে ডাকেননি আনচেলত্তি। এতে বিতর্ক আরও উসকে যায়। আনচেলত্তি ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে– দলে ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। আপাতদৃষ্টিতে সবকিছু আভাস দিচ্ছে, বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না তিনি।  

ইএসপিএন এক প্রতিবেদনে বলছে, বিশ্বকাপের জন্য ২৬ জনের মধ্যে ২৪টি জায়গা চূড়ান্ত হয়ে গেছে। ৩৪ বছর বয়সী নেইমার তাদের মধ্যে নেই। বর্তমান স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামার পরিকল্পনা আনচেলত্তির। বাকি দুটি জায়গার জন্য তিন জন লড়বেন–লুকাস পাকেতা, এন্দ্রিক ও ইগোর থিয়াগো। 

তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন আনচেলত্তি। আন্তর্জাতিক মঞ্চে শুধুমাত্র একজন তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্স চান। ভিন্ন প্রয়োজন, পরিস্থিতি ও প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম—এমন একটি দল গড়ার লক্ষ্য তার।

Neymar's World Cup 2026 hopes hang on fitness, says Brazil coach Ancelotti  | Malay Mail

ইনজুরির পাশাপাশি ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে খেলেননি দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা।  ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার এই বছর মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। 

ইত্তেফাক/জেডএইচ