ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন

সম্পর্ক পুনরায় ঠিক করতে বিসিসিআইকে বিসিবির চিঠি 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস। 

চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করা হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি), যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।

এ দিকে আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ। আর আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায়, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না।

ইত্তেফাক/জেডএইচ