মানা হচ্ছে না সরকারি নির্দেশ

সন্ধ্যা ৬টার পরও খোলা দোকানপাট

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৫০

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত কেউই মানছেন না সে নির্দেশনা। রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে সন্ধ্যার পরও চলছে স্বাভাবিক বেচাকেনা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, আগের মতোই খোলা রয়েছে অধিকাংশ দোকান। ক্রেতাদের ভিড় ও আলোকসজ্জায় জমজমাট পরিবেশে স্বাভাবিকভাবেই চলছে কেনাবেচা।

ব্যবসায়ীরা জানান, মার্কেট বন্ধের বিষয়ে মালিক সমিতি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তাই তারা আগের নিয়মেই ব্যবসা পরিচালনা করছেন।

তবে ক্রেতা ও বিক্রেতা উভয়ই জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেক ক্রেতা বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ হলে তারা অফিস শেষে সময় মিলিয়ে আগেভাগেই কেনাকাটা করতে আসবেন।

অন্যদিকে ব্যবসায়ীরা জানান, সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এলে তারা তা মেনে চলবেন। তবে সামনে পহেলা বৈশাখ থাকায় ব্যবসার কথা বিবেচনা করে মার্কেট বন্ধের সময় অন্তত রাত ৮টা পর্যন্ত নির্ধারণের দাবি জানিয়েছেন কেউ কেউ।

সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এসএ