ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৩৪

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। 

ভারতের বিপক্ষে ফাইনালেও প্রথম একাদশে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ তারকা ডেকলান সুলিভানের। প্রত্যাশামতোই একাদশে আছেন তার ভাই রোনান বেঞ্জামিন সুলিভান এবং মুর্শেদ আলীরা।

গত বুধবার (১ এপ্রিল) নেপালের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিট খেলেই ঝলক দেখিয়েছিলেন ডেকলান। অনেকেই আশা করেছিলেন, ফাইনালে হয়তো তাকে শুরু থেকেই দেখা যাবে। কিন্তু হেড কোচ মার্ক কক্স ফাইনালেও তাকে বেঞ্চেই রেখেছেন।

ফাইনালে বাংলাদেশের ডাগআউটে ফিরছেন হেড কোচ মার্ক কক্স। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচেই লাল কার্ড দেখায় সেমিফাইনালে ডাগআউটে দাঁড়াতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার সেই ভারতের বিপক্ষেই ফিরছেন তিনি। গ্রুপ পর্বে এই ভারতের সঙ্গেই ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মো. মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুর্শেদ আলী, রোনান বেঞ্জামিন সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম এবং ইউসুফ আলী।

ইত্তেফাক/জেডএইচ