অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

চীনের মহাপ্রাচীর ভাঙার মিশন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৪

থাইল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও ৩-২ গোলের হার স্বাদ নিয়ে মাঠ ছেড়েছিলেন অর্পিতা, সাগরিকা, আফঈদা, মিলিরা। 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাঘিনীদের প্রতিপক্ষ শক্তিশালী চীন।

ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় ননথাবুরি প্রদেশের ননথাবুরি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো খেললেও ২০০৬ সালে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শিরোপা জিতেছিল চীনা মেয়েরা। এই টুর্নামেন্টে যা তাদের একমাত্র শিরোপা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে ছিল চীন। পয়েন্ট টেবিলেও 'এ' গ্রুপে সবার উপরে অবস্থান করছে সাবেক চ্যাম্পিয়নরা। 

May be an image of American football, football and text that says "NAB"

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে হলে আজ চীনের মহাপ্রাচীর ভাঙতে হবে মেয়েদের। শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচে নামার আগে গতকাল অনুশীলনে সিরিয়াস দেখা গিয়েছে অর্পিতা, সাগরিকা, মিলিদের। প্রতিপক্ষ কঠিন হলেও লড়াই করতে প্রস্তুত পিটার বাটলারের শিষ্যরা। চীনের মহাপ্রাচীর ভেদ করার আগে গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানিয়েছেন নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা। বলেন, 'আমাদের নেক্সট ম্যাচ চীনের সাথে। চীন টিম মোটামুটি ভালো। আমরা তাদের সঙ্গে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে লড়াই করার জন্য।' 

এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে যে ভুলগুলো করেছে বাংলাদেশ, শক্তিশালী চীনের বিপক্ষে সেটার পুনরাবৃত্তি করতে চান না মেয়েরা। অধিনায়ক বলেন, 'আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি অলরেডি এবং আমরা সেখানে যেগুলো মিসটেক করেছি, আজকে কোচ আমাদেরকে নিয়ে সেগুলো নিয়ে কাজ করেছে। বেশির ভাগ কোচ আমাদের পজিশন, শেপ যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছে। ফিনিশিংয়ে প্রবলেম ছিল আমাদের সেগুলো নিয়েও কাজ হয়েছে।'

দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল চীনের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে বলেন, 'চীন ওয়ার্ল্ড ফুটবলে অনেক ভালো অবস্থানে আছে, তাদের বিপক্ষে আমরা খেলব। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি মিস্টেকে যেন আর গোল কন্সিভনা করি আমরা ঐটার ওপরই জোর দিচ্ছি বেশি।' 

ব্যাংককের আবহাওয়া নিয়ে গোলকিপিং কোচের কথা, 'আমরা বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ডে অবস্থান করছি। প্রথম প্রথম আমাদের খুবই কষ্ট হয়েছে গরমে, এখন মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি। আসলে এটা কোনো এক্সকিউজ না। আমাদের জন্য গরম, চায়নার জন্যও গরম হবে, মেয়েরা এটা নিয়ে আসলে চিন্তা করছে না। মেয়েরা মেয়েদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আমি আশাবাদী আগামীকাল ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।'

ইত্তেফাক/জেডএইচ