কুষ্টিয়ায় হামে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে এই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট চার শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্য শিশুটি হলো কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের পাঁচ মাস ২০ দিন বয়সী মেয়ে আইজা। সে গত ৩০ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু মারা যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইব্রাহিম নামের শিশুটি। সে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ সোমবার আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে। ভর্তি থাকা শিশুদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

ইত্তেফাক/এমএসআর