জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৫

জামালপুরের ইসলামপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায় ভোর থেকে সেখানে অপেক্ষা করলেও তেল না পাওয়ায় মোটরসাইকেল চালকরা দুই ঘণ্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

সোমবার (৬ এপ্রিল)  সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রি হবে, এমন খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই চালকেরা লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্টের কারণে এই ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে ওই ফিলিং স্টেশনে আজ জ্বালানি বিক্রির কোনো পরিকল্পনা ছিল না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/আরএইচ/এএইচপি