ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি চালু করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে একটি গবেষণা প্রকল্পের অধীনে এই গাড়িটি তৈরি করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দেন বিভাগটির অধ্যাপক শাহজাদা মাহমুদুল হাসান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে ডিজেলচালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়া হয়। এতে যাতায়াত ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে রুয়েটের গবেষক দল কম খরচে পরিচালনাযোগ্য ও জ্বালানি নির্ভরতা কম এমন একটি বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগ নেন।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ি উৎপাদনে খরচ হয়েছে ৫–৬ লাখ টাকা। রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গাড়িটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।
প্রাথমিকভাবে এই সেবাটি শুধুমাত্র ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে চালু করা হয়েছে। ১২ আসনবিশিষ্ট গাড়িটি ছাত্রীদের আবাসিক হল থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতি ২০ মিনিট পরপর যাতায়াত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক বলেন, বাইরে থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকেই গাড়িটি তৈরি করা হয়েছে। এতে গবেষণাকে উৎসাহ দেওয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব প্রয়োগভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রকল্পের প্রধান শাহজাদা মাহমুদুল হাসান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (ওবিই) লক্ষ্য অর্জনের পাশাপাশি বাস্তব সমস্যার একটি টেকসই সমাধান দিতে পেরেছি। রুট পারমিট পেলে এটি ক্যাম্পাসের বাইরেও চালানো সম্ভব হবে।’

