পৃথিবী থেকে মানুষের সবচেয়ে বেশি দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে আর্টেমিস-২

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯

মহাকাশ জয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল নাসার আর্টেমিস-২ মিশন। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে বেশি দূরে ভ্রমণের দীর্ঘদিনের পুরনো রেকর্ডটি সোমবার (৬ এপ্রিল) ভেঙে দিয়েছেন এই মিশনের চার সাহসী নভোচারী। ওরিয়ন মহাকাশযানে চড়ে তারা এখন মহাবিশ্বের এমন এক দূরত্বে অবস্থান করছেন, যেখানে এর আগে কোনো মানুষের পা পড়েনি।

সোমবার গ্রিনিচ মান সময় ১৫টা ৫৮ মিনিটে ৪ লাখ ১৭১ কিলোমিটার পথ অতিক্রম করার মধ্য দিয়ে এই নতুন বিশ্ব রেকর্ড প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৯৭০ সালে ঐতিহাসিক ‘অ্যাপোলো ১৩’ মিশনের নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে যাওয়ার গৌরব অর্জন করেছিলেন। দীর্ঘ ৫৬ বছর পর সেই রেকর্ড ভেঙে আর্টেমিস-২ মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করল।

নাসার তথ্য অনুযায়ী, চাঁদের দূরবর্তী পাশ বা ‘ফার সাইড’ দিয়ে ভ্রমণরত এই মহাকাশযানটি গ্রিনিচ মান সময় সোমবার রাত ১১টা ৭ মিনিটে পৃথিবী থেকে সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে। এটিই হবে এই মিশনে পৃথিবী থেকে কোনো মানুষের অবস্থান করা সবচেয়ে দূরবর্তী বিন্দু।

বর্তমানে নভোচারীরা চাঁদের চারপাশে একটি ‘ফ্লাইবাই’ বা নিকট দিয়ে প্রদক্ষিণ সম্পন্ন করছেন। এই প্রক্রিয়ায় তারা প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করবেন। বিশেষ করে চাঁদের যেসব এলাকা এখন পর্যন্ত মানুষের চোখের আড়ালে ছিল, সেগুলোর ছবি ও তথ্য সংগ্রহই এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

এই রোমাঞ্চকর পর্যবেক্ষণ শেষে ওরিয়ন ক্যাপসুলটি ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ বা একটি নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে পুনরায় পৃথিবীর অভিমুখে যাত্রা শুরু করবে। আর্টেমিস-২ মিশনের এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে মঙ্গল গ্রহসহ মহাকাশের আরও গভীরে মানুষের অভিযানের পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এনএন