‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের...!!’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৪:৫০

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় তীব্র জ্বালানি তেলের সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে করা এই পোস্টে তিনি সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র তুলে ধরেন। 

শফিকুল আলমের এই মন্তব্যটি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। বিশেষ করে বর্তমান সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ কেমন হতে পারত, সেই বিষয়ে তিনি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম পাঠকদের উদ্দেশে একটি কাল্পনিক পরিস্থিতির কথা বর্ণনা করে লেখেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্যাস স্টেশনের লাইনে দীর্ঘ ১২টি ঘণ্টা কেবল আশা আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে দাঁড়িয়ে থাকার কথা ভাবুন। 

এরপর যদি শেষ পর্যন্ত খালি ট্যাংক নিয়েই বাড়ি ফিরতে হয়, তবে সেই কষ্টের মাত্রাটা কতটা অসহনীয় হতে পারে তা কি কল্পনা করা সম্ভব? তিনি মূলত জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চরম দুর্দশা এবং ধৈর্যের শেষ সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার বেদনা তিনি এই বার্তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে এমন পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হতো, সেই প্রসঙ্গে শফিকুল আলম লিখেছেন, ‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের...!!’

সারাদেশে তেলের পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের কারণে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শফিকুল আলমের এই ফেসবুক পোস্টটি এমন এক সময়ে এল যখন সরকার বিভিন্ন সংস্কার ও সংকটের মোকাবিলা করছে।

ইত্তেফাক/টিএইচ