স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১, ১৯৯০ এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনের “ট্রফি” একমাত্র বিএনপির ঘরেই রয়েছে। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা দেশের তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন (১৯৯০) এবং জুলাই-আগস্ট আন্দোলন সবকিছুকে ধারণ করে। তার ভাষায়, “এই তিনটি আন্দোলনের ট্রফি আমাদের ঘরেই আছে, যা অন্য কোনো দল দেখাতে পারবে না।”
তিনি আওয়ামী লীগ ও বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগ ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনের কথা বলতে পারলেও জুলাই-আগস্ট আন্দোলনের কৃতিত্ব তাদের নেই। অন্যদিকে বিরোধী দল জুলাই-আগস্টের আন্দোলনের কথা বললেও ১৯৭১ ও ১৯৯০ সালের “ট্রফি” তাদের ঘরে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শাহে আলম ১৯৮৬ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে বলেন, জামায়াত সে সময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি এবং সব আন্দোলনে ধারাবাহিকভাবে সক্রিয় ছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক শক্তি যুক্ত ছিল। তবে “ট্রফি” কে নিয়েছে—এ প্রশ্নে তিনি বলেন, বিএনপি কারও কাছ থেকে কিছু নেয়নি, বরং নেতৃত্বের বিষয়টি স্পষ্ট।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়েই “ক্যাপ্টেন কে” সে প্রশ্নের উত্তর পরিষ্কার হয়েছে। তার দাবি, ওই বৈঠকের মাধ্যমেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয় এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়।
শাহে আলমের ভাষ্য অনুযায়ী, সব দল আন্দোলনে অংশ নিলেও নেতৃত্ব একজনের হাতেই থাকে। সেই নেতৃত্বের কারণেই বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
