ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:২২

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য বৈঠকে ঢাকার অস্ট্রেলীয় হাই কমিশনার সুসান রাইল এই সফরের বিস্তারিত তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলটি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন। তারা জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়া প্রতিনিধিদলটি জাতীয় সংসদের চলমান অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের পাশাপাশি সংসদীয় বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেবেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা করেন হাই কমিশনার সুসান রাইল। এছাড়া কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো নিয়েও আলাপ-আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই সফরে বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, অস্ট্রেলীয় স্পিকারের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

ইত্তেফাক/এনএন