দোকানের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে মাদকসেবন, অভিযানে চারজনের জেল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় দোকানের ভেতরে গোপনে মাদকসেবনের আসর বসানোর অভিযোগে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবনের দায়ে নোয়াপাড়া এলাকার শমসের আলীর ছেলে আসকর এবং আসকর আলীর ছেলে কবিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।

এ ছাড়া একই অপরাধে নুরুল মিয়ার ছেলে আজিজুল এবং বদর মিয়ার ছেলে রবিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকানের বাইরে তালা লাগিয়ে ভেতরে মাদকসেবনের আসর বসানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

ইত্তেফাক/এএইচপি